বিএনপির অগ্নিসংযোগ দাবিতে দুর্ঘটনাজনিত আগুনের ভিডিও প্রচার

সম্প্রতি ‘বিএনপি’র কেবলমাত্র শুরু আরো অনেক দেখবেন’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে একটি দোকানের আগুন নেভাতে পানি ছুড়তে দেখা যায়৷  

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি কর্তৃক সংঘটিত কোনো অগ্নিসংযোগের ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, পঞ্চগড়ের দেবীগঞ্জ বৈদ্যুতিক দুর্ঘটনায় দোকানে অগ্নিকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Md Ashraful Islam নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ জানুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টটির মন্তব্যের ঘরে অ্যাকাউন্টটির পরিচালনাকারীর দেওয়া তথ্য থেকে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনাটি গত ১৮ জানুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার পশ্চিম ব্রিজপাড় বাজার এলাকায় ঘটে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ বিষয়ে একাধিক ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট (, , ) থেকে প্রচারিত পোস্টের মাধ্যমেও একই তথ্য জানা যায়।

পরবর্তীতে, এ বিষয়ে পঞ্চগড় ভিত্তিক অনলাইন পোর্টাল প্রকাশ প্রতিদিন এ প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডের পশ্চিম ব্রিজপাড় বাজার এলাকায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপাতা পারঘাট এলাকার মো. কুদ্দুসের ছেলে রুস্তম (৩৪)-এর মুদি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকান দিনেশ বানিয়ার ছেলে সুভল (৩৬)-এর ফার্মেসিতে। অগ্নিকাণ্ডে দুটি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়রাও ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহযোগিতা করেন। এ ঘটনায় দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপি কর্তৃক সংঘটিত অগ্নিসংযোগের ঘটনা দাবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: