ভোলায় হাতপাখা প্রার্থীর মেয়ে ও কর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার দাবিটি ভুয়া 

সম্প্রতি, ‘ভোলা-৪ আসনে হাতপাখার প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামাল ও তার নারী কর্মীদের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোলা ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ এম এম কামাল উদ্দিনের নির্বাচনী প্রচারণাকালে তার মেয়ে মারিয়া কামাল ও তার নারী নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়নি। বরং, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হামলার জন্য জামায়াতকে দায়ী করেছে।

এ বিষয়ে অনুসন্ধানে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজে গতকাল ২৮ জানুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক বার্তায় দাবি করা হয়, প্রচারণার সময় ভোলা-৪ আসনে প্রার্থীর মেয়ে মারিয়া কামালের ওপরে দাড়িপাল্লার কর্মীরা হামলা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমানের বিবৃতি অনুযায়ী, মারিয়া কামালের নেতৃত্বে ৫–৭ জনের একটি নারী দল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দাওয়াতি কাজ করছিল। এ সময় জামায়াত ও দাড়িপাল্লার সমর্থক পরিচয়ে দুই ব্যক্তি বাধা দেয় এবং প্রার্থীর ছেলে মুহাম্মাদ তাহজিবসহ আরও একজনকে ধাক্কা দেয়। একপর্যায়ে মারিয়া কামালকেও ধাক্কা দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই তিনি স্থান ত্যাগ করেন।

পরবর্তীতে, উক্ত বিষয়ে গণমাধ্যমগুলোতেও প্রকাশিত সংবাদ (, ) থেকেও একই তথ্য জানা যায়। 

সুতরাং, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মেয়ে ও নারী নেতাকর্মীদের ওপর জামায়াতের হামলার অভিযোগের ঘটনাকে বিএনপির হামলা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: