কুমিল্লা ১০ আসনের বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার দাবিটি মিথ্যা

গত ১৮ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর প্রার্থিতা ফিরে পেতে রিট করেছিলেন তিনি। এরই প্রেক্ষিতে, ‘কুমিল্লা-১০: প্রার্থীতা ফিরে পেলেন গফুর ভুঁইয়া নির্বাচনে বাধা নেই’ শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার দাবিটি সঠিক নয় বরং, মো. আবদুল গফুর ভূঁইয়ারের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে, গত ২২ জানুয়ারি প্রথম আলোর ওয়েবসাইটে “কুমিল্লা–১০: গফুর ভূঁইয়ার রিট সরাসরি খারিজ, আপাতত নির্বাচনে অংশ নিতে পারছেন না” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কুমিল্লা–১০ আসনে (নাঙ্গলকোট) বিএনপির মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গফুর ভূঁইয়ার করা রিটের শুনানি নিয়ে গত ২২ জানুয়ারি বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে বাসস, সমকাল, মানবজমিন সহ একাধিক গণমাধ্যম।

অর্থাৎ, মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাননি।

সুতরাং, হাইকোর্ট বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: