বিবিসির বরাত দিয়ে তারেক রহমানকে উদ্ধৃত করে সমকালের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘বিএনপির অন্তকন্দলে মোট ৩৪৫ জন নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, এবং একই দলের নেতাকর্মীদের হাতে অন্তত ১১২ জন্য নারী ধর্ষণ ও হেনস্তার শিকার হয়েছে। ভুক্তোভোগীরা বিবিসি সাক্ষাৎকারে বলেন- আমরা তারেক রহমান এর কাছে নির্বাচনের আগেই এইসব হত্যাকাণ্ডের জবাব চাই।’ শীর্ষক দাবিতে দৈনিক সমকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) , এখানে (আর্কাইভ) , এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিবিসির বরাত দিয়ে তারেক রহমানকে উদ্ধৃত করে সমকাল এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকাল কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া বিবিসি বাংলা কিংবা বিবিসি নিউজও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ প্রকাশ করেনি।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক পত্রিকা সমকাল এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২১ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে সমকাল এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সমকাল এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদের অস্তিত্ব মেলেনি।

তবে, সমকাল এর ফেসবুক পেজে গত ২১ জানুয়ারি ‘বিএনপির ৫৯ নেতা বহিস্কার’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর সঙ্গে প্রচারিত ফটোকার্ডের তারিখ, সমকালের লোগো ও বিএনপির ব্যবহৃত লোগোর ছবি মিল রয়েছে। তবে দুই ফটোকার্ডের শিরোনামের পার্থক্য আছে। এছাড়া, সমকালে ব্যবহৃত শিরোনামের ফন্ট ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, সমকাল এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত সমকালের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ জানুয়ারি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ৫৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে….।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে– প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ সহ একাধিক গণমাধ্যমে।

সুতরাং, বিবিসির বরাত দিয়ে তারেক রহমানকে উদ্ধৃত করে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: