‘পশুর হাটে চাঁদাবাজি করছে বিএনপি’ বলেননি রিজভী, এশিয়া পোস্টের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘পশুর হাটে চাঁদাবাজি করেছে বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুহুল কবির রিজভী ‘পশুর হাটে বিএনপি চাঁদাবাজি করছে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এশিয়া পোস্ট কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কোনো গণমাধ্যমের নাম কিংবা লোগো খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ফটোকার্ডটি রিভার্স সার্চ করে এশিয়া পোস্টের ফেসবুক পেজে গত ২৯ মে ‘পশুর হাটে চাঁদাবাজি দমন করছে বিএনপি: রিজভী’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে এশিয়া পোস্টের লোগো এবং রুহুল কবির রিজভীসহ বাকি দুইজন ব্যক্তির ছবি মিল রয়েছে। তবে, উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের আংশিক ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডে থাকা ‘দমন’ শব্দটি বাদ দিয়ে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, এশিয়া পোস্টের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত ‘এশিয়া পোস্টের’ ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রুহুল কবির রিজভী বলেছেন, অতীতে ঈদের সময় পশুর হাটগুলোতে ভয়াবহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলেও এবার সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হয়নি এবং এ বিষয়ে সরকারের দৃঢ় হস্তক্ষেপ ছিল।
সুতরাং, রুহুল কবির রিজভী ‘পশুর হাটে চাঁদাবাজি করছে বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে এশিয়া পোস্টের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Asia Post – Facebook Post

