আ.লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে নির্বাচন বয়কট করবেন বলে ঘোষণা দেননি ফজলুর রহমান, ভুয়া ফেসবুক পেজ থেকে অপপ্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৪ আসনে (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) বিএনপির মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট ফজলুর রহমানের ছবি প্রোফাইল ছবিতে সংযুক্ত করা ‘এডভোকেট ফজলুর রহমান’ নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ কে অংশ নিতে না দিলে আমি ফজলুর রহমান নির্বাচন বয়কট করবো’ লেখা সংবলিত একটি পোস্টের স্ক্রিনশট প্রচার করা হয়েছে। উক্ত স্ক্রিনশট প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের দাবির সাথে আমি এক মত ইনশাআল্লাহ আপনি কি একমত ?’

অর্থাৎ, দাবি করা হয়েছে, পদ স্থগিত থাকা বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ কে অংশ নিতে না দিলে ফজলুর রহমান নির্বাচন বয়কট করবেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচন বয়কটের বিষয়ে আলোচিত মন্তব্যটি অ্যাডভোকেট ফজলুর রহমানের নয়। প্রকৃতপক্ষে, ফজলুর রহমানের নামে পরিচালিত এক ভুয়া ফেসবুক পেজের পোস্টকে ফজলুর রহমানের আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘এডভোকেট ফজলুর রহমান’ নামক উক্ত ফেসবুক পেজ/অ্যাকাউন্ট এর বিষয়ে অনুসন্ধানে একই প্রোফাইল ছবি ও নাম সংবলিত উক্ত ফেসবুক পেজটি পাওয়া যায়। পেজ পর্যবেক্ষণে গত ২৯ অক্টোবর সন্ধ্যা ৭ টা ৫৮ মিনিটে আলোচিত লেখাটি উক্ত ফেসবুক পেজ থেকে পোস্ট হতে দেখা যায়।

পেজটির ‘Transparency’ সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি গত ৪ এপ্রিলে তৈরি করা হয়েছে এবং মাঝে প্রায় ২ মাস পেজটির নাম ছিল ‘আলোকিত জীবন’। এছাড়াও, পেজটি মূলত সৌদি আরব থেকে পরিচালিত হতে দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত পেজটি বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত হলেও প্রকৃতপক্ষে এটি একটি ভুয়া পেজ।

এছাড়াও, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের এরূপ কোনো মন্তব্য করার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ফজলুর রহমান এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

সুতরাং, আওয়ামী লীগ কে অংশ নিতে না দিলে নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছেন ফজলুর রহমান শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
Share: