বিএনপি কর্তৃক যুবলীগ নেতার পা কাটার দৃশ্য দাবিতে কক্সবাজারের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি ‘কুমিল্লার দেবিদদারে যুবলীগ নেতার প্রকাশ্য পা কেটে দিলো বিএনপির সন্ত্রাসীরা।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি গোড়ালির একটু উপর থেকে কাটা একটি পা কাপড়ে পেঁচিয়ে উঁচু করে ধরে আছেন। তার আশেপাশে আরও কিছু মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা জেলার দেবীদ্বারে বিএনপির কর্মী কর্তৃক যুবলীগ নেতার পা কেটে নেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কক্সবাজারের জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের পা কেটে হত্যার ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Coxs Media News-CMN নামক ফেসবুক পেজে গত ০৯ সেপ্টেম্বর ‘কক্সবাজার মহেশখালী মাতারবাড়িতে জায়গা জমি বিরোধ নিয়ে চাচাতো ভাইয়ের পা কেটে নিলো চাচাতো ভাই পরে মৃত্যু হয়।’ ক্যাপশনে আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও প্রচার করা হয়।
উক্ত তথ্যের সূত্র ধরে Telegram News এর ওয়েবসাইটে গত ০৮ সেপ্টেম্বর ‘মহেশখালীতে জমি বিরোধের জেরে পা বিচ্ছিন্ন করে কৃষককে হত্যা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের শামসুল আলম (৬০) নামে এক কৃষককে পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বরে রাত ৮ টার দিকে মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম উক্ত এলাকার মৃত আহমেদ মিয়ার পূত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি জেনারেল হাসপাতালের ডাক্তার রিদয় সরকার। এ বিষয়ে নিহতদের ভাই নুরুল ইসলাম বলেন, আমার ভাইকে জমি নিয়ে তর্কের জেরে আমার চাচাত ভাই ইয়াকুব আলী, আব্দুল গণি, ইয়াকুব নবীসহ আরো কয়েকজন পা কেটে ও কুপিয়ে হত্যা করেছে।
এ বিষয়ে কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ০৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
উল্লিখিত এসব প্রতিবেদনে নিহত শামসুল আলম এবং অভিযুক্ত ব্যক্তিদের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি৷
সুতরাং, কুমিল্লায় বিএনপির কর্মী কর্তৃক যুবলীগ নেতার পা কেটে নেওয়ার দৃশ্য দাবিতে কক্সবাজারের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Coxs Media News-CMN – Facebook Post
- Telegram News – মহেশখালীতে জমি বিরোধের জেরে পা বিচ্ছিন্ন করে কৃষককে হত্যা
- কালের কণ্ঠ – জমি বিরোধের জেরে পা কেটে কৃষককে হত্যা

