শুভেন্দু অধিকারীকে আম পাঠানো প্রসঙ্গে বিএনপিকে জড়িয়ে সারজিস আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এরই প্রেক্ষিতে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন দাবিতে, ‘শুভেন্দু অধিকারীর কাছে আম পাঠানো জুলাইয়ের সাথে স্পষ্ট গাদ্দারি। বিএনপি সংযত না হলে দেশে আবার জুলাই নেমে আসবে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শুভেন্দু অধিকারীকে আম পাঠানো ইস্যুতে বিএনপিকে জড়িয়ে সারজিস আলম আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে এটি ‘Satire/Parody’ প্লাটফর্ম বলে উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

সারজিস আলম এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শুভেন্দু অধিকারীকে আম পাঠানো প্রসঙ্গে বিএনপিকে জড়িয়ে সারজিস আলম আলোচিত মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto Television – Facebook Post
- Md Sarjis Alam – Facebook Post

