বিএনপি নেতা জমি দখলের জন্য পরিবারকে পেটানোর দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার 

সম্প্রতি, ‘জমি দখলের পরে অসহায় পরিবারকে পিটিয়ে তাড়িয়ে দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতারা!!’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি নেতা জমি দখলের পর পরিবারকে পিটিয়ে তাড়িয়ে দেওয়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, নড়াইলে মাদক ব্যবসায়ীদের সাথে এলাকাবাসীর মারামারির ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘risingbd.com’ এর ফেসবুক পেজে গত ৩ জুন ‘নড়াইলে মা’দ’ক ব্যবসায়ীদের সাথে এলাকাবাসীর মা’রা’মা’রি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

‘নড়াইল নিউজ টিভি’ নামক ফেসবুক পেজেও উক্ত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে অগ্রযাত্রা প্রতিদিনের ওয়েবসাইটে গত ৩ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন নড়াইলের সমরখলা গ্রামে মাদকের বিস্তার রোধে গ্রামবাসী অভিযান চালিয়ে কয়েকটি বাড়িতে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুন গ্রামবাসীর উদ্যোগে মাইকিং করে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের সতর্ক করা হয়। মাদক বেচাকেনা ও সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হলেও অভিযোগ রয়েছে, সতর্কবার্তার পরও সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম চালিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে গত ২ জুন ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে কথিত মাদক কারবারিদের কয়েকটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।

সুতরাং, নড়াইলে মাদক ব্যবসায়ীদের সাথে এলাকাবাসীর মারামারির ঘটনার ভিডিওকে বিএনপি নেতা জমি দখলের পর পরিবারকে পিটিয়ে তাড়িয়ে দেওয়ার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: