মুক্তিযোদ্ধার তালিকায় ফজলুর রহমানের নাম না থাকার দাবিটি মিথ্যা

সম্প্রতি, কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানর নাম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তালিকায় নেই এবং তিনি মুক্তিযোদ্ধা নন বলে ইন্টারনেটে দাবি করা হচ্ছে।

মুক্তিযোদ্ধা নন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

জামুকার তালিকায় না থাকা নিয়ে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা তালিকায় ফজলুর রহমানের নাম রয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তালিকায় নেই উল্লেখ করে তিনি মুক্তিযোদ্ধা নন বলে যে দাবি করা হচ্ছে তা অমূলক। কারণ জামুকা নয়, মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। জামুকা শুধু যাচাই-বাছাই করার দায়িত্বে থাকে।

আলোচিত পোস্টগুলোতে দুইটি দাবি প্রচার হতে দেখা যায়। এক. ফজলুর রহমানের নাম মুক্তিযোদ্ধার তালিকায় নেই। দুই. জামুকার তালিকায় ফজলুর রহমানের নাম নেই।

এই দুইটি দাবি আলাদা আলাদাভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

শুরুতে ফজলুর রহমানের নাম মুক্তিযোদ্ধার তালিকায় আছে কি না সেবিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুক্তিযোদ্ধাদের প্রোফাইলে ফজলুর রহমানের পরিচয় ও ছবিসহ তার একটি প্রোফাইল পাওয়া যায়।

সেখানে ফজলুর রহমানের মুক্তিযোদ্ধার নম্বর লাল মুক্তিবার্তা- ০১৪৮০০০২০৪০, বেসামরিক গেজেট- ১৯৮৯ উল্লেখ থাকতে দেখা যায়।

এছাড়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় ফজলুর রহমানের নাম পাওয়া যায়।

অর্থাৎ, এতে প্রতীয়মান হয় যে; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় ফজলুর রহমানের নাম রয়েছে।

এরপর, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তালিকাতে ফজলুর রহমানের নাম না থাকা নিয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানের শুরুতে জামুকার যে তালিকা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে অর্থাৎ, ২০২১ সালের ৩০ জানুয়ারি কিশোরগঞ্জের ইটনা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শিরোনামে প্রকাশিত তালিকাটি বের করে রিউমর স্ক্যানার টিম।

দেখা যায়, উক্ত তালিকায় ফজলুর রহমানের নাম নেই। আবার উক্ত তালিকাতে থাকা ২১ জনের নাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় রয়েছেন।

এ বিষয়ে জানতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালক (এস্টেট ও কল্যাণ-২ শাখা এবং ঢাকা বিভাগের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ও জামুকার মামলা তদারকি ও মামলার ডাটাবেইজ হালনাগাদ সংক্রান্ত কার্যক্রম) বীর আমির হামজার সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, “জামুকা আসলে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে না। এটি প্রকাশ করে মন্ত্রণালয়। জামুকা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই-বাছাই করে। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করে শুধু মন্ত্রণালয়।”

রিউমর স্ক্যানারকে একই কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অফিসার আবুল খায়েরও৷

পাশাপাশি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ওয়েবসাইটে থাকা জামুকার কার্যক্রম সমূহের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, কার্যক্রম সমূহের ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’ তে স্পষ্ট লিখা রয়েছে– জামুকা প্রকৃত মুক্তিযোদ্ধাদের ও মুক্তিযুদ্ধের সহযোগীদের তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান, গেজেটভুক্ত কোনো মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী যথাক্রমে প্রকৃত মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সহযোগী নহে মর্মে তদন্তে প্রমাণিত হইলে তাহার গেজেট ও সনদ বাতিলের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান এবং অসত্য তথ্যের ভিত্তিতে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করে থাকে।

অর্থাৎ, এতে সহজেই প্রতীয়মান হয় যে– জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে না বরং, তালিকা প্রকাশের জন্য সরকারকে তথ্য যাচাই-বাছাই করে সহযোগিতা করে থাকে।

সুতরাং, বিএনপি নেতা ফজলুর রহমানের নাম মুক্তিযোদ্ধার তালিকায় না থাকার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট
  • জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তালিকা
  • জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালকের বক্তব্য
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অফিসারের বক্তব্য
  • জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কার্যক্রম সমূহ 
Share: