বিএনপি নেতা চাঁদার জন্য দোকানদারকে হত্যা করেছে দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘এমপি সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদা না পেয়ে ফার্মেসি দোকানিকে পিটিয়ে হত্যা করলেন বিএনপি নেতা মনির!!’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত ১৯ জুন ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের গেটে এক ফার্মেসির মালিক কর্তৃক অন্য ফার্মেসির কর্মচারীর ওপর হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Barta Meherpur নামক ফেসবুক পেজে গত ২০ জুন প্রকাশিত একটি পোস্টে আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, “মেহেরপুর জেনারেল হাসপাতাল গেটে মাইশা ফার্মেসির কর্মচারী শফিকুলের উপরে, সোনালী ফার্মেসীর মালিক শাহিন অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। বর্তমানে শফিকুল মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে তার অবস্থা খারাপ হওয়ায় ডাক্তার তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেছে।”

পরবর্তীতে, এ বিষয়ে Mujibnagar Khabor নামক ফেসবুক পেজ থেকে একই তথ্যে ভিডিওটি প্রচার করতে দেখা যায়।

উক্ত এসব পোস্ট থেকে জানা যায়, হামলার শিকার ব্যক্তি, মাইশা ফার্মেসির কর্মচারী শফিকুলকে আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পোস্টে তিনি মারা গেছেন এমন কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এসব বিষয়ে নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম হামলার শিকার ব্যক্তি শফিকুলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, “এ ঘটনায় কোনো রাজনৈতিক বা চাঁদাবাজীর কারণ নেই। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে আমার দোকানের পাশের দোকানদার মারধর করেছে।”

সুতরাং, বিএনপি নেতা ফার্মেসি দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে দাবিতে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এক দোকানের কর্মচারীকে আরেক দোকানের মালিক মারধরের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: