‘জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না’ শীর্ষক বিএনপি নেতার বক্তব্যের ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়; আসল

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর গত বছরের ১৩ ডিসেম্বর এক নির্বাচনী সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং দলটির সমর্থক ভোটারদের হুমকি দিয়ে ‘জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দিবো না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত-রাজাকারদের ভোট দেবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আওয়ামী লীগকে বলি, আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন।’
এর প্রেক্ষিতে মতিউর রহমান সাগর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি লাইভ করে দাবি করেন, আলোচিত দাবিতে প্রচারিত তার বক্তব্যের ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

মতিউর রহমান সাগরের ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত লাইভ ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের হুশিয়ারি দিয়ে মতিউর রহমান সাগর বক্তব্য প্রদানের ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তিনি উল্লিখিত সভায় আলোচিত মন্তব্যটি করেছেন। তবে পরবর্তীতে সমালোচনার প্রেক্ষিতে প্রচারিত ভিডিওটি এআইয়ের সহায়তায় তৈরি বলে দাবি করে লাইভ করেন।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যমে মতিউর রহমান সাগর বক্তব্য প্রদানের ওই ভিডিওটির সন্ধান পাওয়া যায়। ভিডিওগুলো এআই কনটেন্ট শনাক্তকারী একাধিক টুলস ব্যবহার করে যাচাই করে ভিডিওটি আসল বলেই প্রতীয়মান হয়।
এছাড়াও দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে একই সভায় তার বক্তব্য প্রদানের একটি দীর্ঘ ভিডিও খুঁজে পাওয়া যায়।

যেখানে তাকে আলোচিত মন্তব্যের পাশাপাশি প্রাসঙ্গিক দীর্ঘ বক্তব্য প্রদান করতে দেখা যায়। যার মাঝে কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায়নি।
পাশাপাশি অনুসন্ধানে একই সভার আলোচিত বক্তব্য প্রদানের ভিন্ন এঙ্গেল থেকে ধারণ করা আরেকটি ভিডিওর সন্ধানও পাওয়া যায়।

উক্ত ভিডিওটিও এআই শনাক্তকারী টুলস ব্যবহার করে যাচাই করে ভিডিওটি আসল বলে ফলাফল পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, মতিউর রহমান সাগরের আলোচিত বক্তব্য প্রদানের ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে তার করা দাবিটি সত্য নয়।
সুতরাং, বিএনপি নেতা মতিউর রহমান সাগরের ‘জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না’ শীর্ষক বক্তব্য প্রদানের আসল ভিডিওকে এআই দিয়ে তৈরি ভিডিও দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

