গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ জামায়াত নেতা আটকের দাবিতে বিএনপি নেতার ছবি প্রচার

সম্প্রতি, যৌথবাহিনীর অভিযানে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে মিলন মিয়া নামের একজন জামায়াতে ইসলামীর নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ আটক মিলন মিয়া জামায়াতে ইসলামীর নেতা নন। প্রকৃতপক্ষে, যৌথবাহিনীর অভিযানে আটক মিলন মিয়া একজন স্থানীয় বিএনপি নেতা। তার আটক হওয়ার ঘটনায় প্রকাশিত ছবিটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ৩০ জানুয়ারি গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা আটক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনেও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিতে দেখতে পাওয়া দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তির নাম মিলন মিয়া। গত ২৯ জানুয়ারি দিবাগত রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক মিলন মিয়া কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।

উক্ত ঘটনায় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও আটক মিলন মিয়ার স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

অর্থাৎ, যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক বিএনপি নেতাকে জামায়াতে ইসলামীর নেতা দাবিতে প্রচার করা হয়েছে। উক্ত ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই।

সুতরাং, গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ জামায়াতে ইসলামীর নেতা আটকের দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: