সম্প্রতি ‘কুমিল্লায় স্কুল শিক্ষককে মারলেন বিএনপির প্রভাবশালী নেতার ছেলে মানজা মানিক।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি এবং এতে কোনো বিএনপি নেতার সন্তানের সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, ভারতের অন্ধ্রপ্রদেশে তর্কাতর্কির জেরে এক ছাত্র কর্তৃক শিক্ষককে ঘুষি দেওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম News18 এর ইউটিউব চ্যানেলে গত ০৬ মার্চ ‘Andhra Pradesh Class 10 Student Punches Teacher After Heated Argument In Classroom’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি ভারতের অন্ধ্রপ্রদেশের ঘটনা, যেখানে শ্রেণীকক্ষে উত্তপ্ত তর্ককে কেন্দ্র করে দশম শ্রেণীর এক ছাত্র শিক্ষককে ঘুষি দেয়।
পরবর্তীতে, এ বিষয়ে ভারতীয় অন্যান্য একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়। এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র তর্ক-বিতর্কের সময় শ্রেণীকক্ষে একজন শিক্ষকের উপর হামলা করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি বাপুলাপাডু মণ্ডলের বীরাবল্লী জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে ঘটে, যেখানে ক্লাস চলাকালীন সময়ে ওই শিক্ষক ছাত্রটিকে সতর্কতাসূচক উপদেশ দেওয়া সময় তার প্রতি অপমানজনক আচরণ করে- এমন অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির দিকে চলে যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি।
উল্লেখ্য, উক্ত ঘটনার মূল ভিডিওতে একটি গানের অডিও ক্লিপ সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, ভারতের অন্ধ্রপ্রদেশের ভিডিওকে কুমিল্লায় বিএনপি নেতার সন্তান কর্তৃক শিক্ষককে মারধর দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা
তথ্যসূত্র
- CNN-News18 – Andhra Pradesh Class 10 Student Punches Teacher After Heated Argument In Classroom
- Times Now – Facebook Post
- The Free Press Journal – Andhra Pradesh: Class 10 Student Punches Teacher During Confrontation


