সিলেটে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার অনুসারীরা বাসে আগুন দিয়েছে দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ০৩ নভেম্বর এই ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সিলেটে মনোনয়ন না পেয়ে বিএনপি’র প্রার্থীর অনুসারীরা বাংলাদেশের সম্পদ বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিচ্ছে।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সাথে রাজনৈতিক কোনো ঘটনার সম্পর্ক নেই বরং ২০২২ সালে সিলেটে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে আগুন লাগার ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Shebul ahmed Raju নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সিলেট নগরীর মালনীছড়া রাস্তায় যাত্রীবাহি বিআরটিসি বাসে হঠাৎ করে আগুন লেগে যায়। তবে এতে কারো ক্ষয়ক্ষতি হয়নি। এটি ঘটনাস্থলের দৃশ্য।

জাতীয় দৈনিক প্রথম আলোর এ সংক্রান্ত সংবাদ সূত্রে জানা যায়, সিলেটে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন করা বাসে আগুন লাগার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অক্ষত থাকলেও তাদের বেশ কিছু মালামাল পুড়ে যায়। আগুনে বাসের পুরো অংশ পুড়ে যায়। ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সিলেট বিমানবন্দর সড়কের মালনিছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অর্থাৎ, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়।

সুতরাং, সিলেটে মনোনয়ন না পেয়ে বিএনপি’র প্রার্থীর অনুসারীরা বাসে আগুন দিয়েছে দাবিতে ২০২২ সালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: