সম্প্রতি, ‘জমি দখলে ব্যর্থ হয়ে নিরীহ কৃষকের উপর বিএনপি নেতা রুহুল আমিন কর্তৃক নির্মম নির্যাতনের দৃশ্য!’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জমি দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্তৃক কৃষককে নির্যাতনের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, লালমনিরহাটে চোরাই মাইক কেনাকে কেন্দ্র করে শালিশে মারধরের ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বার্তা সংস্থা ইউএনবি এর ইউটিউব চ্যানেলে গত ৫ জুন ‘চোরাই মাইক কেনাকে কেন্দ্র করে উত্তেজনা, সালিশে মা/র/ধ/রে/র অভিযোগ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

ভিডিওর বিস্তারিত অংশে বলা হয়, লালমনিরহাটের কালীগঞ্জে চুরি হওয়া মসজিদের মাইক কেনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সালিশ বৈঠকে মারধর, অপমান ও অসদাচরণের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে নিউজ পোর্টাল আজকের কালের চিত্রের ওয়েবসাইটে গত ৪ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩ জুন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে অনুষ্ঠিত এক স্থানীয় বিচারে মসজিদের চুরি হওয়া মাইক ক্রয়ের অভিযোগে জনৈক মফিজুল ইসলামকে তার স্ত্রী ও সন্তানের সামনে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিবারের সদস্যদের অপমান করার অভিযোগও পাওয়া গেছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।
অর্থাৎ, আলোচিত ভিডিওর সাথে বিএনপি নেতা কর্তৃক কৃষক নির্যাতনের কোনো সম্পর্ক নেই।
সুতরাং, লালমনিরহাটে চোরাই মাইক কেনাকে কেন্দ্র করে শালিশে মারধরের ঘটনার ভিডিওকে জমি দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্তৃক নির্যাতন দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- UNB – United News of Bangladesh – চোরাই মাইক কেনাকে কেন্দ্র করে উত্তেজনা, সালিশে মা/র/ধ/রে/র অভিযোগ
- Ajker Kaler Chitra – চোরাই মাইক ক্রয়কে কেন্দ্র করে উত্তেজনা, সালিশে মারধরের অভিযোগ


