চাঁদার জন্য বিএনপি নেতার ট্রাকচালককে মারধরের দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, চাঁদার জন্যে ট্রাক ড্রাইভারকে মারধর করা হয়েছে দাবিতে দেশিয় গণমাধ্যমগুলোতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি গণমাধ্যমে মারধরে জড়িত ব্যক্তিকে শ্রমিক দল ও যুবদলের নেতা বলেও দাবি করা হয়।

এমন দাবিতে গণমাধ্যমে প্রচারিত ভিডিও দেখুন মোহনা টিভি, বৈশাখী টিভি, দৈনিক বাংলা, ঢাকা ট্রিবিউন, এনপিবি নিউজ, বিডি২৪রিপোর্ট, প্রতিদিনের কাগজ, দৈনিক বাংলাদেশ সংবাদ, খবরের কথা এবং প্রহরী নিউজ।

জাতীয় নাগরিক পার্টির এশিয়ার প্রবাসী জোট ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-এশিয়া’-র ফেসবুক পেজেও একই দাবিতে ভিডিওটি প্রচার করা হয়। পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
একই ভিডিওটিকে ফেসবুকে বিএনপি নেতার চাঁদার জন্যে ট্রাক ড্রাইভারকে মারধরের ভিডিও দাবিতেও প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি চাঁদা না পেয়ে বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মীর ট্রাকচালককে মারধরের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ট্রাকচালককে মারধরকারী ব্যক্তি একজন সিএনজি চালক। ট্রাকটি তার সিএনজিকে ধাক্কা দেয় এবং চালক তাকে গালিগালাজ করায় ক্ষুব্ধ হয়ে তিনি মারধর করেন।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Dancer Faruk নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ ফেব্রুয়ারি একই ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটি পর্যালোচনা করে জানা যায়, ট্রাকটি ভিডিওকারী ব্যক্তি যে সিএনজিতে ছিলেন সেটিকে ধাক্কা দেওয়া এবং গালিগালাজ করায় তাকে সিএনজি চালক মারধর করেন। ভিডিওটিতে উভয় পরিবহনের চালককে এ বিষয়ে বাকবিতণ্ডায় জড়াতেও দেখা যায়। পাশাপাশি ট্রাকটির সামনে ক্ষতিগ্রস্ত সিএনজিটিও দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে একই ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে গত ১৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আরেকটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। যেখানে সিএনজি চালককেও একই দাবি করতে শোনা যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি কোনো চাঁদাবাজির ঘটনার নয় এবং এর সাথে বিএনপি বা এর অঙ্গসংগঠনগুলোরও কোনো সংশ্লিষ্টতা নেই।
সুতরাং, সিএনজিকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে সিএনজি চালকের ট্রাকচালককে মারধরের ঘটনার ভিডিও চাঁদার জন্য বিএনপি নেতার ট্রাকচালককে মারধরের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dancer Faruk Facebook Post: আমাদের সিএনজি মেরে দিছে ট্রাক দিয়ে তারপর গালাগালিও করছে ট্রাকের ড্রাইভার
- Dancer Faruk Facebook Post: সবাই সাবধানে ড্রাইভিং করবেন
- Rumor Scanner’s Analysis

