ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার অভিযোগে মারধরের ভিডিওকে বিএনপির নির্যাতন বলে প্রচার

সম্প্রতি, “বাক-প্রতিবন্ধী যুবককে উল্টো করে নির্মম নির্যাতন করছেন বিএনপির একঝাক নেতাকর্মীরা” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি নেতাকর্মীদের দ্বারা বাক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের নয়। প্রকৃতপক্ষে, ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে নির্যাতনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘MD Asraful Islam Ridoy’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ০৪ জুনে প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে বিস্তারিত ঘটনার উল্লেখ না পাওয়ায় আরো অনুসন্ধানে ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ ‘Stream News’ এ গত ০৫ জুনে একই ঘটনার ভিডিও প্রচার হতে দেখা যায়। তবে, এই ভিডিওর ক্যাপশনে এটি ব্রাহ্মণবাড়িয়ায় সালিসে চোখ-হাত বেঁধে যুবককে নির্যাতনের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে এখন টিভি’র ওয়েবসাইটে গত ০৪ জুনে আলোচিত ঘটনার বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত ০৪ জুনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসা করার অভিযোগে সালিস বৈঠকে ‘মধ্যযুগীয় কায়দায়’ এক ব্যক্তিকে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ঐ ব্যক্তির নাম হবি মিয়া বলে জানা যায়। এই ঘটনার ভিডিওটিই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অর্থাৎ, প্রচারিত ঘটনার ভিডিওর সাথে বিএনপি নেতাকর্মীদের দ্বারা বাক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের দাবির কোনো সম্পর্ক নেই।

পাশাপাশি, বিষয়টি অধিকতর নিশ্চিত হতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। আলোচিত এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেন তিনি। 

সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে ‘মধ্যযুগীয় কায়দায়’ নির্যাতনের ভিডিওকে বিএনপি নেতাকর্মীদের দ্বারা বাক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: