নির্বাচনী প্রচারণায় বিএনপির নেতারা প্রহারের শিকার দাবিতে ২০২১ সালের ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি ‘ভোট চাইতে গিয়ে ঝাড়ু মিছিলের হামলার শিকার বিএনপির কেন্দ্রীয় নেতারা।’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচনী প্রচারণায় গিয়ে কথিত বিএনপির কেন্দ্রীয় নেতারা ঝাড়ু দ্বারা মারধরের শিকার হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এবং প্রচারিত ছবিটিও সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে আখাউড়ায় যুবদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের অভিযুক্ত দুই ব্যক্তির কুশপুত্তলিকায় ঝাড়ু দিয়ে প্রহারের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ‘আখাউড়া পৌর ও উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে৷

উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথিত সহকারী আবদুর রহমান ও তার বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা কবির আহাম্মদ ভূঁইয়ার প্রত্যক্ষ ইঙ্গিতে আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের একপেশে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ২০২১ সালের গত ১২ জুন যে দুটি কমিটি ঘোষণা করা হয়, সেখানে দলের জন্য কাজ করা ত্যাগী নেতা-কর্মীদের রাখা হয়নি। এরই প্রেক্ষিতে, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর আখাউড়ায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা যুবদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলন শেষে ঝাড়ুমিছিল এবং অভিযুক্ত আবদুর রহমান ও কবির আহাম্মদ ভূঁইয়ার কুশপুত্তলিকা পোড়ায় পদবঞ্চিত নেতা-কর্মীরা। উক্ত প্রতিবেদনে সংযুক্ত দ্বিতীয় ছবিটি উল্লিখিত দুই ব্যক্তির কুশপুত্তলিকায় ঝাড়ু দিয়ে প্রহারের দৃশ্য।

পরবর্তীতে, এ বিষয়ে একই দিনে যুগান্তরের ওয়েবসাইটে ‘আখাউড়ায় যুবদলের কমিটি বাতিল দাবিতে ঝাড়ু মিছিল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, নির্বাচনী প্রচারণায় কথিত বিএনপি নেতারা ঝাড়ু দ্বারা প্রহারের শিকার দাবিতে ২০২১ সালে আখাউড়ায় যুবদলের পদবঞ্চিত নেতা-কর্মী কর্তৃক কুশপুত্তলিকায় ঝাড়ু প্রহারের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷

তথ্যসূত্র

Share: