বিএনপি নেত্রীদের ওপর জামায়াতের হামলা দাবিটি ভুয়া, ছবির নেত্রীরা আহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই আহত নারীর ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘মেহেরপুর-১: বিএনপি প্রার্থীর প্রচারে নারী নেত্রীদের উপর জামায়াতের হামলা, আহত দুই’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ‘তাজা খবর’ নামের একটি ওয়েব পোর্টালে কথিত একটি সংবাদ প্রতিবেদনও প্রচার করা হয় যেখানে দাবি করা হয়, ‘মেহেরপুর-১ (Meherpur-1) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (Bangladesh Nationalist Party-BNP) মনোনীত প্রার্থী মাসুদ অরুনের পক্ষে প্রচারণা শেষে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ এবং মহিলা দলের নেত্রী সাবিহা সুলতানা। এই হামলার জন্য জামাতপন্থী সন্ত্রাসীদের দায়ী করেছে বিএনপি।’

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলোর সাথে জামায়াত কর্তৃক বিএনপি নেত্রীদের ওপর হামলার দাবির কোনো সম্পর্ক নেই।

প্রকৃতপক্ষে নির্বাচনী প্রচারণা শেষে মেহেরপুর ফেরার পথে বিএনপি নেত্রীদের রিক্সার সাথে কুকুরের সংঘর্ষে বিএনপি নেত্রীদের আহত হওয়ার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ‘রোমানা আহমেদ’ এর ফেসবুক অ্যাকাউন্টে গত ২৮ জানুয়ারিতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে আহত অবস্থার তিনটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যাতে আলোচিত দাবিতে প্রচারিত ছবি দুইটিও রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘গতকালকে আমঝুপি ইউনিয়ন নোয়াখালী গ্রাম পশ্চিম পাড়াতে গিয়েছিলাম মাসুদ অরুণ ভাইয়ে ধানের শীষের পক্ষে ভোট ক্যাম্পিনে ফেরার পথে কোলার মোড়ে এক্সিডেন্ট করি কুকুরের সাথে ধাক্কা লেগে রিক্সা উল্টে যায় এতে আমিও আমার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সাবিয়া সুলতানা গুরুতর জখম হয় আমার হাত ভেঙে গেছে ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে এবং সাবিয়ার সুলতানা দুইটা দাঁত ভেঙে গেছে ও চোখে গুরুতর আঘাত লেগেছে আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন’।

এছাড়াও, এ বিষয়ে ‘রোমানা আহমেদ’ তার ফেসবুক অ্যাকাউন্টে ২৮ জানুয়ারি মধ্যরাতে আরেকটি পোস্ট করে লিখেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সাবিয়া সুলতানা নোয়াখালী গ্রামে ভোট ক্যাম্পিনের শেষে মেহেরপুর ফেরার পথে কোলার মোড়ে আমাদের রিক্সার সাথে কুকুরের এক্সিডেন্ট হয় আমি এবং সাবিয়া এতে গুরুতর জখম হয় এটাই আসল ঘটনা কে বা কাহারা এই সত্য ঘটনা কে মিথ্যা একটা বানোয়াট ঘটনা বানিয়ে অপপ্রচার চালাচ্ছে যে আমাদেরকে জামাতের সন্ত্রাসী বাহিনী মেরেছে আমি বলতে চাই এরকম মিথ্যা কথাগুলো বলবেন না এতে আমার দলের বিএনপি ভাবমূর্তি নষ্ট হচ্ছে’।

এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপি প্রার্থীর প্রচারে নারী নেত্রীদের ওপর জামায়াতের হামলার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: