আ.লীগের লকডাউনের সমর্থনে টেকনাফে মশাল মিছিলের দৃশ্য দাবিতে বিএনপির মশাল মিছিলের ভিডিও প্রচার 

জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ের তারিখ ঘোষিত হবে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে কেন্দ্র করে ওইদিন অর্থাৎ ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।

এরই প্রেক্ষিতে, টেকনাফে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি টেকনাফে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত ০৯ নভেম্বর কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে টেকনাফ পৌরসভায় কাফনের কাপড় পরে মশাল মিছিল করেছিল জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা। সেই মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে ‘Mahim Uddin’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৯ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

মাহিম উদ্দিন তার পোস্টে বলেন, প্রচারিত ভিডিওটি মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের কাফনের কাপড় পরে মশাল মিছিলের দৃশ্য।

এছাড়া, প্রচারিত ভিডিওটিতে ‘অবৈধ নমিনেশন, মানি না-মানবো না’ শীর্ষক স্লোগান দিতেও শোনা যায়।

পাশাপাশি, চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর মিছিলে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা ব্যানারের মিল লক্ষ্য করা যায়।

সমকালের ওয়েবসাইটে গত ০৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৯ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল করেছিল জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বিএনপির নেতাকর্মীদের মশাল মিছিলের।

সুতরাং, গত ০৯ নভেম্বর টেকনাফে বিএনপির নেতাকর্মীদের মশাল মিছিলের ভিডিওকে ১৩ নভেম্বর ‘লকডাউন’ উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: