বৈরী আবহাওয়ায় গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন অবশেষে পদত্যাগ করেছেন দাবিতে আরটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেননি এবং আরটিভিও এ-সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো সংবাদ নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আরটিভির লোগো ও ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ থাকতে দেখা যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, আলোচিত ফটোকার্ডগুলোর ডান দিকের নিচের অংশে একটি কিউআর কোড দেখা যায়। কিউআর কোডটি স্ক্যান করলে “এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর’” শিরোনামের একটি সংবাদ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে গতকাল (১৫ জুলাই) একই শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

আরটিভির মূল ফটোকার্ডটিতে ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডে এর পরিবর্তে ‘অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী মিলন’ শীর্ষক বাক্যগুলো লেখা হয়েছে। অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী মিলন’ শীর্ষক শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rtv- Facebook Page
- Rtv- Website
- Rtv- YouTube Channel


