বিএনপি নির্বাচনে জিতলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে ধর্মনিরপেক্ষতা করবে দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬ই ফেব্রুয়ারি ইশতেহার ঘোষণা করে বিএনপি। এই ইশতেহারকে কেন্দ্র করে ‘নির্বাচনী ইশতেহার: বিএনপি নির্বাচন পাশ করলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে ধর্মনিরপেক্ষতার সংযুক্ত করব। সকল মানুষের অধিকার সমান।’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির নির্বাচনী ইশতেহারে দলটি ক্ষমতায় গেলে রাষ্ট্রধর্ম বাতিল করে ধর্মনিরপেক্ষতা করবে বলে কোনো ঘোষণা দেওয়া হয়নি এবং আমার দেশও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো এবং এটি প্রকাশের তারিখ ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। প্রথম আলোর সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ১ম প্রতিশ্রুতি হিসেবে বলা হয়েছে, বিএনপি নির্বাচনে জয়ী হলে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে’ অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে ‘জনকল্যাণমূলক ও অন্তর্ভুক্তিমূলক’ সরকার গঠন করবে। ‘দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।এছাড়াও ৮ম প্রতিশ্রুতি হিসেবে আছে, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে…..।
পরবর্তীতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। তবে, একটি ভিডিওতে দেখা যায়, তারেক রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘সর্বশক্তিমান আল্লাহ প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এটাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংবিধানে পুনঃস্থাপন করতে চায়।
সুতরাং, বিএনপি নির্বাচনে জয়ী হলে রাষ্ট্রধর্ম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা করবে শিরোনামে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- BNP Media cell – Facebook Page

