নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করায় রংপুরে ১০ দলীয় জোটের দোকানপাট ভাঙচুরের দাবিতে ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি, “রংপুর ৬ পীরগঞ্জ আসনের এই বাজারটিতে বেশিরভাগ দোকানদার ধানের শীষের পক্ষে কাজ করায় নির্বাচনের পরে ১০ দলীয় জোটের তাণ্ডব” শীর্ষক ক্যাপশনে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে রংপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় (বর্তমানে ১১ দলীয়) জোটের দোকানপাট ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গতবছরের ডিসেম্বরে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজদের সংঘর্ষের ঘটনার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সদ্য সংবাদের ফেসবুক পেজে গতবছরের ২৯ ডিসেম্বর ‘কারওয়ান বাজারে ব্যবসায়ীদের সাথে চাঁ’দা’বাজদের সং’ঘ’র্ষ’’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৪ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল রয়েছে।

উক্ত ঘটনার ভিডিও অন্যান্য গণমাধ্যমগুলোতেও (১, ২,) প্রচার করা হয়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গতবছরের ২৯ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে ব্যবসায়ীদের মানববন্ধনে ‘বহিরাগত ব্যক্তিরা’ অতর্কিত হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠে। ব্যবসায়ীরা অভিযোগ করে, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব আবদুর রহমানের অনুসারীরা এ হামলা চালিয়েছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আবদুর রহমান ও তার অনুসারীরা কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেট থেকে চাঁদাবাজি করে আসছেন। এর প্রতিবাদেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সেখানে ব্যবসায়ীদের ওপর হামলা হয়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। পরে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের প্রতিহত করেন।
সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে রংপুরে নির্বাচন কেন্দ্রিক সহিংসতার নয়।
সুতরাং, গত বছরের ডিসেম্বরে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের সঙ্গে চাঁদাবাজদের সংঘর্ষের ঘটনাকে সাম্প্রতিক সময়ে রংপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করায় ১০ দলীয় জোটের দোকানপাট ভাঙচুরের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- SoddoSongbad – Facebook Post
- Prothom Alo – কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে অতর্কিত হামলা, প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ

