শেখ হাসিনার ভাগনে ববির এই বক্তব্য ডিপফেক প্রযুক্তির সহায়তায় নির্মিত

সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটো বোন, শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে ববি সদৃশ এক ব্যক্তিকে বলতে দেখা যায়, “খালামনি আমাদের চেয়ে অনেক ভালো রাজনীতি বোঝেন। খালামনি যেহেতু এখনও আছেন, সেহেতু তার কথামতোই আমরা আমাদের কাজ চালিয়ে যাব। কর্মীদের নিয়ে আমরা সামনে এগোবো।”

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই ভিডিও টিকটকে দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম সূত্রে শেখ হাসিনার ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ভিডিও বার্তা দিয়েছেন শীর্ষক কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। এমনকি আওয়ামী লীগ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রেও এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি। ববির লিংকডইন এবং এক্স অ্যাকাউন্টেও এমন ভিডিওর অস্তিত্ব মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

ববির কথা বলার সময় তার এবং পেছনে থাকা লোকটির মুখের মুভমেন্টসহ পারিপার্শ্বিক বিষয়গুলোয় অসামঞ্জস্যতা দেখা যায়।

তাছাড়া, রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, উইকিপিডিয়াতে থাকা রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ২০১৫ সালের ছবির সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য রয়েছে।

ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে এবং প্রাপ্ত ছবিতে ববি একই পোশাকে, একই স্থানে, একই ভঙ্গিতে রয়েছেন এবং ছবির ব্যাকগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ডে থাকা চশমা পরিহিত ব্যক্তিও অভিন্ন।

অর্থাৎ, উইকিপিডিয়াতে থাকা ২০১৫ সালের এই ছবিটি ব্যবহার করে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বক্তব্য হিসেবে প্রচারিত ভিডিওটি ভুয়া।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis 
Share: