গরু চুরির ঘটনায় কথিত জামায়াত নেতাকে জড়িয়ে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরু সহ ওয়ার্ড জামায়াত সভাপতি পুলিশের হাতে আটক’ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বগুড়ায় চোরাই গরুসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতার পুলিশের হাতে আটক বিষয়ে আমার দেশ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘১৪ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, বগুড়ার একাধিক স্থানীয় গণমাধ্যমের (১, ২) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ফটোকার্ডে সংযুক্ত ছবিটির অনুরূপ ছবি খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, বগুড়ার জয়পুরহাট সদর উপজেলার দেওতা গ্রামে লাল মিয়া ও তার শ্যালক আব্দুস সামাদের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়। চুরির ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ ২০২৫ সালের ২৯শে জুলাই জয়পুর পাঁচবিবির গরুর হাট থেকে সাবু (৫০) নামের এক চোরসহ একটি চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাবু জয়পুরহাট জেলার সদরহাটের কুশলিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। এসব প্রতিবেদনে উল্লিখিত সাবু নামক ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, বগুড়ায় গরু চুরির ঘটনায় জামায়াতে ইসলামীর কথিত নেতাকে জড়িয়ে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh – YouTube
- দৈনিক করতোয়া – বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ একজন গ্রেফতার
- North Capital News – নন্দীগ্রামে গরু চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ১

