বইমেলায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনার দাবিতে শিক্ষামন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

আজ ২৬শে ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এর আগে গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এক বিশেষ সভায় এবারের বইমেলায় নকল ও নিম্নমানের বই বিক্রি বন্ধে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছেন দাবিতে জাপানবাংলা প্রেস নামের একটি অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হতে দেখে রিউমর স্ক্যানার।

উক্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
একই দাবিতে দ্য নিউ ইয়র্ক ২৪-নামের একটি লোগো সংবলিত ফটোকার্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়। উক্ত পোস্টেও একই তথ্য সংবলিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই মাধ্যমের বরাতে ফেসবুকে প্রচারিত টেক্সট পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এবারের অমর একুশে বইমেলায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযান পরিচালনার দাবিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের নামে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত প্রচারিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। তবে প্রতিবেদনগুলোতে সূত্র হিসেবে বাংলা একাডেমির কথা উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো সূত্রের কথা বলা হয়নি। এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্রপাত অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, ‘The New York 24’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারি ভোর ৫ টা ১৮ মিনিটে এ সংক্রান্ত প্রথম পোস্টটি করা হয়। উক্ত পেজের ফটোকার্ড এবং প্রতিবেদনটি-ই পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি এটির বরাতেই জাপানবাংলা প্রেসে প্রতিবেদন প্রকাশ করা হয়।

‘The New York 24’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘No Propaganda, No Fake News—Just Real News with a Wicked Twist. A Bengali satire news site that turns the truth on its head with a straight face.’
এছাড়াও পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, এবারের বইমেলায় নকল ও নিম্নমানের বই বিক্রি বন্ধে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান চালানোর নামে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের নামে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- The New York 24 Facebook Post
- Rumor Scanner’s Analysis

