ব্রাজিল প্রধানমন্ত্রী কোচসহ খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ দিয়েছেন দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ব্রাজিল ২-০ গোলে হেরে যাওয়ার পর ‘নরওয়ের সাথে ব্রাজিলের প্রশ্ন বিদ্ধ হার নেইমার ছাড়া কোচ সহ বাকি খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটক পোস্টটি প্রায় ৩ লক্ষ ৩২ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্রাজিল সরকার কোচসহ খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ দেননি এবং আমার দেশও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষনে দেখা যায়, এতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ০৬ জুলাই, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
সুতরাং, ব্রাজিল প্রধানমন্ত্রী নেইমার বাদে কোচসহ বাকি খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ দিয়েছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Rumor Scanner’s Own Analysis

