সম্প্রতি, ‘বিশ্বকাপে হেক্সা মিশন শেষে ব্রাজিল টিমকে ফুল দিয়ে বরণ না করে ডিম দিয়ে বরণ করছে দেশটির জনগণ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্রাজিল দলের উপর সমর্থকদের হামলা শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার নির্বাচনী প্রচারণার গাড়িবহর ভেবে দেশটির বিক্ষোভকারীরা একটি বাসে ডিম ছুড়ে মারে। এটি সে সময়ের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ব্রাজিলের গণমাধ্যম catve.com এ ২০১৮ সালের ২৬ মার্চ “Protesters attack buses with ovadas on BR 277, in São Miguel do Iguaçu” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার নির্বাচনী প্রচারণার গাড়িবহরে বিক্ষোভকারীরা রিও ডি জেনিরো থেকে ফোজ দো ইগুয়াকু যাওয়ার একটি বাসে ডিম ছুড়ে মারে। দেশটির সাও মিগুয়েল ডো ইগুয়াচুতে BR 277-এ যাত্রী পরিবহন সংস্থার একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।
পরবর্তীতে অনুসন্ধানে সাবেক রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার রাজনৈতিক দলের ওয়েবসাইট PT.ORG তে ২০১৮ সালের ২৭ মার্চ “Fascists “get confused” and attack buses in Paraná” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ মার্চ ব্রাজিলের ফোজ দো ইগুয়াকুর কাছে একটি বাসে পাথর ও ডিম নিক্ষেপ করা হয়েছে। পাথর ও ডিম নিক্ষেপ করা বিক্ষোভকারী মনে করেছিল, বাসে সাবেক রাষ্ট্রপতি লুলা আছেন। তবে বাসটিতে লুলা নয়, বরং সাধারণ যাত্রী ছিল।
এছাড়া আরেকটি ব্রাজিলীয় গণমাধ্যম ‘Noticiasagricolas’ এ একই বছরের ২৭ মার্চ “See protesters’ reaction to egg rain from inside Lula’s caravan buses” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকেও জানা যায়, ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার নির্বাচনী প্রচারণার গাড়িবহরে বিক্ষোভকারীরা অজস্র ডিম ছুড়ে মেরেছে।
পাশাপাশি প্রতিবেদনটিতে বাসের ভিতর থেকে বিক্ষোভকারীদের ডিম ছুড়ে মারার একটি ভিডিও ফুটেজও যুক্ত করে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২২ সালেও একই দাবিতে আলোচিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ব্রাজিল ফুটবল দলের উপর সমর্থকদের হামলা শীর্ষক দাবিটি মিথ্যা।


