সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘রাতের আঁধারে বিএসএফের ট্রাক আটকালো বিজিবি! বিজিবির হুংকারে পালালো বিএসএফ | সীমান্তে হাতেনাতে ধরা খেল বিএসএফ! বিজিবির কড়া হুঁশিয়ারিতে কাঁপল জওয়ানরা!’
ভিডিওতে দেখা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ ‘বিজিবি’ সদস্য সদৃশ এক ব্যক্তি একটি ট্রাক আটকে পুশইনের বিরুদ্ধে বলছেন, ‘আপনারা পেয়েছেনটা কি, হ্যাঁ? দুদিন পরপর আপনাদের নাগরিকদের আমাদের দেশের ভেতর পুশইন করার চেষ্টা করছেন। আইন-কানুন কি সব ভুলে গেছেন? যেভাবে এই ট্রাক বোঝাই করে নিয়ে এসেছেন, ঠিক সেভাবে ব্যাক গিয়ারে দেশে ফিরে যান৷ খুব তো বড়াই করেন, আপনাদের নাকি অনেক বড় দেশ। আর সামান্য এই নাগরিকদের জায়গা দিতে পারেন না? আপনাদের বোঝা আমাদের ওপর চাপাতে আসেন কোনো সাহস নেই। পরিষ্কার ভাষায় শুনে রাখুন, জিরো লাইনে এই বিজিবি যতদিন দাঁড়িয়ে আছে দেশের এক ইঞ্চি মাটিতেও আরেকটা পাখিকে আমরা পুশইন করতে দেবো না। যদি শান্তি চান ভালোয় ভালোয় গাড়ি ঘুরান আর সোজা নিজেদের সীমানায় ফিরে যান। সীমানা পার হওয়ার চেষ্টা করলে পরিণতি কিন্তু ভালো হবে না।
উল্লেখ্য যে, ভিডিওতে মূলধারার গণমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর লোগোরও সংযুক্তি পাওয়া যায়।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএসএফের ট্রাক বিজিবির আটকানোর ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি আসল দৃশ্যের নয় এবং ভিডিওটি মূলধারার গণমাধ্যম ‘ডিবিসি নিউজ’ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ভিডিওটি তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ‘ডিবিসি নিউজ’ এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়নি। পাশাপাশি, রিভার্স সার্চ ও কি-ওয়ার্ড সার্চেও ভিডিওটি ‘ডিবিসি নিউজ’ কর্তৃক প্রচারিত হওয়ার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ভিডিওটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Sesh tv’ নামের একটি ফেসবুক পেজে গত ২৭ জুন রাত ১০ টা ৩ মিনিটে আলোচিত দাবিতে মূল ভিডিওটি প্রচার হতে দেখা যায়। তবে পোস্টটি পর্যবেক্ষণে ভিডিওটি কবের, কোন স্থানের, সূত্রপাত বা এরূপ কোনো প্রাসঙ্গিক তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি অনুসন্ধানে ভিডিওটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এদিকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও পর্যবেক্ষণ করলে তাতে বেশকিছু অসংগতি পাওয়া যায়। যেমন: ভিডিওর অডিও অস্বাভাবিক রকমের স্পষ্ট এবং ট্রাকটি খুব কাছে থাকলেও গাড়ির স্বাভাবিক শব্দ শোনা যায়নি। এছাড়াও, কথিত বিজিবি সদস্যের কথা বলার সময় ট্রাক চালককেও কথা বলতে দেখা যায় কিন্তু ঐ ট্রাকচালকের কোনো কথা শোনা যায়নি। একইসাথে পাশে থাকা কথিত বিএসএফ সদস্য অস্বাভাবিক রকম স্থির। এছাড়াও, কথিত বিজিবি ও বিএসএফ সদস্যদের ত্বক, গড়ন ও অঙ্গভঙ্গি বেশ রোবোটিক অবস্থায় দেখা যায়। তাছাড়া, কথিত ট্রাকের সামনে থাকা লেখার অক্ষর বিকৃত অবস্থায় দেখা যায়। এসব অসংগতি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিওতে দেখা যায়।
পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এর সাহায্যে বিশ্লেষণ করলে ভিডিওটি এআই তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৮৫ শতাংশ দেখা যায়।
উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি এবং ভিডিওটি ডিবিসি নিউজ প্রচার করেনি, প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের লোগো এতে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, পুশইনের চেষ্টাকালীন সময়ে বিএসএফের ট্রাক আটকানোর প্রচারিত ভিডিওটি এআই তৈরি হলেও সাম্প্রতিক সময়ে এরূপ ঘটনা নানা সময়ে ঘটার খবর গণমাধ্যম সূত্রে জানা যায়। যেমন: গত ২৮ জুনে মূলধারার সংবাদমাধ্যম ‘যুগান্তর’ এ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে গভীর রাতে নিরাপত্তা বাতি বন্ধ করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই অপতৎপরতা ঠেকিয়ে দেয়। এছাড়াও, এর আগে গত ১৫ জুনে আরেক মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সপ্তাহখানেক শান্ত থাকার পর আবারও পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সুতরাং, বিএসএফের ট্রাক বিজিবির আটকানোর আসল দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি।
তথ্যসূত্র
- DBC News – Facebook Page
- AI Analysis
- Hive Detect
- Jugantor – মাধবপুরে রাতের আঁধারে পুশইন ঠেকাল বিজিবি
- BanglaVision – রাতের আঁধারে সীমান্ত দিয়ে পুশইনচেষ্টা বিএসএফের, বিজিবি-জনতার প্রতিরোধ


