সম্প্রতি, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বিজিবির মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিজিবি কর্মকর্তা ‘আমরা হাতে চুরি করে বসে আছি না। সীমান্তে ঘোড়ার ঘাস কাটার জন্য পাহারা দিচ্ছি না। এখন থেকে সাবধান হয়ে যান।’ শীর্ষক কথা বলে বিএসএফ কর্মকর্তাকে হুশিয়ার করেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটিতে ওই বিজিবি কর্মকর্তাকে বলতে শোনা যায়, “আপনারা বহুত বাড়াবাড়ি করছেন। এখন আর শেখ হাসিনা দেশ চালাচ্ছে না। বাংলাদেশে এসে বাহাদুরি করার চেষ্টা করবেন না। আর যদি সীমান্তে কোন নাগরিকের উপর গুলি ছুড়েন, তাহলে আমরা আপনাদের উপর গুলি করতে বাধ্য হব। মনে রাখবেন, আমরা হাতে চুরি করে বসে আছি না। সীমান্তে ঘোড়ার ঘাস কাটার জন্য পাহারা দিচ্ছি না। এখন থেকে সাবধান হয়ে যান। আমরা চাই সীমান্তে শান্তি বজায় থাকি।”

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার SESH TV লেখা সংবলিত একটি লোগো যুক্ত পোস্টের সন্ধান পায়। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে Sesh tv নামের একটি পেজে গত ২১ জুন রাত ১০ টা ৫ মিনিটে ভিডিওটির সম্ভাব্য প্রথম পোস্টটি প্রচারিত হতে দেখা যায়।

উক্ত পোস্টের শিরোনামে উল্লেখ করা হয়, ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ভিডিওটি পর্যালোচনা করেও তথ্যটি নিশ্চিত হওয়া যায়।
পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, ইন্টারনেটে প্রায় একবছর আগে থেকে বিদ্যমান বিজিবি ও বিএসএফের কথোপকথোনের পুরোনো একটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো বিজিবি কর্মকর্তাকে বিএসএফ কর্মকর্তার উদ্দেশ্যে আলোচিত মন্তব্য করার সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, বিজিবি কর্মকর্তার বিএসএফ কর্মকর্তাকে হুঁশিয়ারি প্রদানের ভিডিও দাবিতে প্রচারিত আলোচিত ভিডিওটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Sesh tv Facebook Post
- Hive Detect
- Somoy News Website: BSF violated int’l law by using sound grenades along border: BGB
- Rumor Scanner’s Analysis


