ক্যান্সার আক্রান্ত প্রেমিকাকে হাসপাতালে বিয়ে করার আসল ঘটনার দৃশ্য দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার 

সম্প্রতি অনলাইনে ‘ক্যান্সারে আক্রান্ত প্রেমিকা বেশিদিন বাঁচবে না জেনেও হাসপাতালে বিয়ে করেন প্রেমিক’ শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানা সদৃশ বিছানায় এক নারী শুয়ে আছেন আর তার মাথায় সিঁদুর দিচ্ছেন এক পুরুষ।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত প্রতিবেদন: বাংলা টিভি, নিউজ২৪।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ক্যান্সার আক্রান্ত প্রেমিকাকে হাসপাতালে বিয়ে করার আসল ঘটনার দৃশ্যের নয়৷ প্রকৃতপক্ষে ভিডিওটি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা/অভিনেত্রী অনামিকা সিং ও দিলীপ কুমার পান্ডের স্ক্রিপ্টেড ভিডিওর দৃশ্য। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এরূপ আরো নানা ভিডিও পাওয়া যায়।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘kaunhaidilliph’ ইউজারনেমের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৮ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন পর্যবেক্ষণ করলে তাতে theatre, actor, rajshreeproductons, surajbarjatyafilms হ্যাশট্যাগের সংযুক্তি পাওয়া যায়।

‘kaunhaidilliph’ ইউজারনেমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি দিলীপ কুমার পান্ডে নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট। এবং অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত পুরুষ এই ব্যক্তিই। অ্যাকাউন্টটির বায়োতে দিলীপ কুমারের পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে: থিয়েটার কর্মী, ক্রিয়েটর, পারফর্মার, অভিনেতা, বিনোদন।

তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে একই নারীর সাথে একইরকম দৃশ্যপটে আরো কয়েকটি ভিডিও পাওয়া যায়। উক্ত নারীর সাথে হাসপাতালের বাইরেও নানা জায়গায় ধারণকৃত অভিনয়ের ভিডিওও পাওয়া যায়। এসব ভিডিওতে ‘singhanamika09’ ইউজারনেমের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ট্যাগ করতে দেখা যায়। ‘singhanamika09’ ইউজারনেমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি অনামিকা সিং নামের এক নারীর অ্যাকাউন্ট। এবং অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত নারী এই অনামিকা-ই।

অনামিকা তার বায়োতে নিজের পরিচয় হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী এবং তিনি মুহূর্তগুলোকে গল্পে রূপান্তর করেন। অনামিকা ও দিলীপ দুইজনেরই অ্যাকাউন্টের ‘অ্যাবাউট’ সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায়, অ্যাকাউন্টগুলো ভারত থেকে পরিচালিত হচ্ছে।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে প্রচারিত ভিডিওটিও স্ক্রিপ্টেড বা অভিনয়ের দৃশ্য।

সুতরাং, ক্যান্সার আক্রান্ত প্রেমিকাকে হাসপাতালে বিয়ে করার আসল ঘটনার দৃশ্য দাবিতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরদের স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: