‘পদ্মা সেতু বানানোর দায়ে শেখ হাসিনার নামে মামলা করা হবে’ এমন কোনো মন্তব্য করেননি বানিজ্য উপদেষ্টা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, “পদ্মা সেতু বানানোর দায়ে শেখ হাসিনার নামে মামলা করা হবে।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পদ্মা সেতু নির্মাণের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করা হবে এমন কোনো বক্তব্য বাণিজ্য উপদেষ্টা দেননি। মূলত একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজের পোস্ট থেকে এই দাবির সূত্রপাত হয়েছে। প্রকৃতপক্ষে তিনি বলেছেন, পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এর উপরের কর্নারে টেলিভিশন গণমাধ্যম বাংলা ভিশনের আদলে তৈরি একটি লোগো ব্যবহার করা হয়েছে, যেখানে ‘Gojob Vision’ লেখা রয়েছে। পাশাপাশি ফটোকার্ডটির নিচে তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘৩৬ জুলাই’, যা বাস্তবসম্মত নয়। এরই সূত্র ধরে সংশ্লিষ্ট ফেসবুক পেজটি শনাক্ত করা হয়। পেজটির বায়োতে লেখা রয়েছে, “শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।” ওই পেজে গত ২১ জানুয়ারি বর্তমানে প্রচারিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। সেখান থেকেই বর্তমানে আলোচিত দাবিটির সূত্রপাত ঘটে।

পদ্মা সেতুর বিষয়ে শেখ হাসিনাকে জড়িয়ে বাণিজ্য উপদেষ্টা সাম্প্রতিক সময়ে মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে জানতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ২০ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, পদ্মা সেতু নির্মাণে বিপুল অর্থ ব্যয় না করে যদি সেই অর্থ সেচ (ইরিগেশন) খাতে বিনিয়োগ করা হতো, তাহলে চালের দাম কমপক্ষে ৫ টাকা কমে যেতে পারত কিন্তু বর্তমানে পদ্মা সেতুর ঋণের দায় পরিশোধের চাপের কারণে চালের দাম প্রায় ২০ টাকা বেড়ে গেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার প্রয়োজনীয়তা যাচাই না করেই একাধিক বড় প্রকল্প গ্রহণ করেছে।
তবে উল্লিখিত প্রতিবেদনের কোথাও পদ্মা সেতু নির্মাণের দায়ে শেখ হাসিনার নামে মামলা করা হবে এমন কোনো বক্তব্য বা ইঙ্গিত পাওয়া যায়নি। পাশাপাশি মূলধারার অন্য কোনো গণমাধ্যমেও বাণিজ্য উপদেষ্টার এমন মন্তব্যের প্রমাণ মেলেনি।
সুতরাং, বাণিজ্য উপদেষ্টা ‘পদ্মা সেতু নির্মাণের দায়ে শেখ হাসিনার নামে মামলা করা হবে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gojob Vision – Facebook Post
- Ittefaq – পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা
- Rumor Scanner’s own analysis

