মোট ভোটারের দ্বিগুণ ব্যালট ছাপানো নিয়ে সিইসির বক্তব্য বিভ্রান্তিকরভাবে প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “২৫৪ মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে। এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বিষয়টা একবার ভাবুন আপনারা।” ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “ইসি কট খাইছে। মোট ভোটার ১৩কোটি প্রায়, ব্যালট ছাপিয়েছে ২৫৪ মিলিয়ন অর্থাৎ ২৫ কোটি প্রায়! নির্বাচন কমিশন দ্বিগুণ ব্যালট কোন উদ্দেশ্যে ছাপালো?”

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ১ লক্ষ ৯৩ হাজার বার।
একই দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোট ভোটারের দ্বিগুণ ব্যালট ছাপানো নিয়ে সিইসির বক্তব্য প্রচার করে ইসি কট খেয়েছে শীর্ষক যে দাবি করা হয়েছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে, গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় এবার দুই ভোটের জন্য মোট ভোটারের দ্বিগুণ ব্যালট ছাপিয়েছে ইসি। সিইসির এ সংক্রান্ত বক্তব্যের শুরুর অংশ যেখানে গণভোটের বিষয়ে উল্লেখ আছে তা বাদ দিয়ে খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওতে একই বক্তব্যের পূর্ণ সংস্করণ পাওয়া যায়। ভিডিওর ৪৭ সেকেন্ড সময় থেকে সিইসি এ এম এম নাসির উদ্দীনকে বলতে শোনা যায়, “দেখেন হান্ড্রেড এন্ড টুয়েন্টি সেভেন মিলিয়ন ভোটারস ইন্টু টু, কারণ রেফারেন্ডাম আছে। ২৫৪ মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে। এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বিষয়টা একবার ভাবুন আপনারা।”
অর্থাৎ, সিইসি তার বক্তব্যে স্পষ্টভাবেই ব্যালট দ্বিগুণ ছাপানোর কারণ হিসেবে গণভোটের কথা উল্লেখ করেছেন। কিন্তু দাবির ভিডিওটিতে সেই অংশ বাদ দিয়ে প্রচার করা হয়েছে।
অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর গত ৩০ জানুয়ারির এক প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার। দুই ভোটের ব্যালট পেপার ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। এই দুই ভোট একসঙ্গে করতে দ্বিগুণ ব্যালট পেপার ছাপানো হচ্ছে, তবে দ্বিগুণ ব্যালট ছাপানো লাগলেও ব্যালট পেপার ছাপাতে অতিরিক্ত কাগজ কিনতে হয়নি নির্বাচন কমিশনকে (ইসি)। গণভোটের জন্য রঙিন কাগজ ব্যবহার করা হবে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য এই কাগজ আগেই কিনে রেখেছিল ইসি।
সুতরাং, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের দ্বিগুণ ব্যালট ছাপানো নিয়ে সিইসির একটি বক্তব্য শুরুর অংশ বাদ দিয়ে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jagonews24: ভোট-গণভোটে ২৬ কোটি ব্যালট পেপার, ব্যয় ৪০ কোটি টাকা
- Somoy Tv: Youtube Video

