‘হাদি হত্যার বিচার চাওয়ায় বিএনপির মনোনয়ন দেওয়া হয়নি’ শীষর্ক মন্তব্য করেননি চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এছাড়াও ক্ষমতাসীন দল বিএনপিতে যোগদানের কথাও নিশ্চিত করেন এই অভিনেত্রী। তবে গত ২০ এপ্রিল ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের চূড়ান্ত তালিকায় ঠাঁই পায়নি চমকের নাম। এর প্রেক্ষিতে তিনি ‘হাদি হত্যার বিচার চাওয়ায় শেষ মুহূর্তে এসে আমায় সংরক্ষিত আসনের এমপি তালিকা থেকে বাদ দিয়েছে বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি করেননি রুকাইয়া জাহান চমক। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। তবে ‘দৈনিক মোল্লার দেশ’ নামক ফেসবুক পেজে গত ২০ এপ্রিল প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।

‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটির ইন্ট্রোতে উল্লেখ রয়েছে এটি একটি স্যাটায়ার বা প্যারোডিমূলক পেজ। এছাড়াও পেজটি পর্যালোচনায় এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্টের সন্ধান পাওয়া যায় (, , )। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে ‘হাদি হত্যার বিচার চাওয়ায় শেষ মুহূর্তে এসে আমায় সংরক্ষিত আসনের এমপি তালিকা থেকে বাদ দিয়েছে বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • দৈনিক মোল্লার দেশ Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: