‘শেখ হাসিনার দুর্নীতির প্রমাণ নেই’— চঞ্চল চৌধুরীর নামে ভুয়া মন্তব্য প্রচার  

সম্প্রতি, অভিনেতা চঞ্চল চৌধুরীর ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনা যে দুর্নীতি করেছে এখন পর্যন্ত কেউ খাতা কলমে প্রমাণ দিতে পারেনি।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে নিয়ে আলোচিত মন্তব্য করেননি চঞ্চল চৌধুরী। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে চঞ্চল চৌধুরীর ফেসবুক পেজে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত দেশের জনপ্রিয় কোনো ব্যক্তি, বিশেষ করে শেখ হাসিনার মতো ব্যক্তিকে নিয়ে আলোচিত মন্তব্য করলে সেটি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু চঞ্চল চৌধুরী শেখ হাসিনা সম্পর্কে এমন মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, শেখ হাসিনাকে নিয়ে চঞ্চল চৌধুরীর নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: