চবি ছাত্রদল নেতাদেরকে নিয়ে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে উদ্ধৃত করে চ্যানেল২৪ এর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরপরই রাজধানীর টিএসসিতে বিক্ষোভ মিছিলের আগে বক্তব্য রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এরই প্রেক্ষিতে নাছির উদ্দীন নাছির “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনজন ছাত্রদল নেতা বলাৎকারের শিকার” বলে মন্তব্য করেছেন দাবিতে মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে, (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনজন ছাত্রদল নেতা বলাৎকারের শিকার’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং নাছির উদ্দীন নাছিরও এমন মন্তব্য করেননি। বরং, চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে চ্যানেল২৪ এর লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘২১ এপ্রিল, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ২১ এপ্রিল কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ২১ এপ্রিল ‘প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: নাছির’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডটিতে ‘‘প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: নাছির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনজন ছাত্রদল নেতা বলাৎকারের শিকারঃ নাছির উদ্দিন’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আবারও হামলা করার চেষ্টা করলে শক্তভাবে শিবিরকে প্রতিহত করা হবে। শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার ‘গুপ্ত’ বলা হবে। গত ১৭ বছর ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে মিশে রাজনীতি করেছে শিবির, ছাত্রলীগের কিছুটা দায় শিবিরকে নিতে হবে। (২১ এপ্রিল) চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায়, রাজধানীর টিএসসিতে বিক্ষোভ মিছিলের আগে এমন মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।’
চ্যানেল ২৪ ছাড়া অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, চবি ছাত্রদল নেতাদের জড়িয়ে ছাত্রদল সা. সম্পাদককে উদ্ধৃত করে চ্যানেল২৪ এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel24: Facebook Post
- Channel24: Website

