শেখ হাসিনাকে জড়িয়ে মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে চ্যানেল২৪ এর সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচির ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ঠাকুরগাঁও -১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনা আপার অসমাপ্ত সকল কর্মকান্ড আমরা সমাপ্ত করবো ক্ষমতায় গেলে’ শিরোনামে মূলধারার গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনার অসমাপ্ত কাজ শেষ করবেন এমন কোনো মন্তব্য করেননি এবং চ্যানেল টোয়েন্টি ফোরও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল টোয়েন্টি ফোর কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরের লোগো রয়েছে। এটি প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ২৩ জানুয়ারি, ২০২৬।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল টোয়েন্টি ফোরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল টোয়েন্টি ফোর এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, চ্যানেল টোয়েন্টি ফোর এর ফেসবুক পেজে গত ২৩ জানুয়ারি ‘হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে চ্যানেল টোয়েন্টি ফোরের লোগো এবং মির্জা ফখরুলের ছবি মিল রয়েছে। তবে, উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও চ্যানেল টোয়েন্টি ফোনের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, চ্যানেল টোয়েন্টি ফোর এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত সমকালের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সমর্থক ও নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে। তিনি ভারতে গেছেন ভালো করেছেন, এলাকার সমর্থক-কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা কর্মী-সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না। আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেবো না….।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে- ইত্তেফাক, কালের কণ্ঠসহ একাধিক গণমাধ্যমে।

এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেসবুক পেজ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত শিরোনাম সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও এমন মক্তব্যের অস্তিত্ব মেলেনি।

সুতরাং, আওয়ামী লীগকে জড়িয়ে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে চ্যানেল টোয়েন্টি ফোরের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: