বিএনপিকে আওয়ামী লীগের ভোট দেওয়া প্রসঙ্গে শাহদীন মালিকের মন্তব্য দাবিতে চ্যানেল আইয়ের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বোকামি হবে আওয়ামী লীগের ভোট বিএনপিকে দেওয়া’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল আইয়ের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে চ্যানেল আই কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া শাহদীন মালিকও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, চ্যানেল আইয়ের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে চ্যানেল আইয়ের লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘৩ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ৩ ফেব্রুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, চ্যানেল আইয়ের ফেসবুক পেজে গত ৩ ফেব্রুয়ারি ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে: সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদীন মালিক’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। চ্যানেল আইয়ের ফটোকার্ডে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে: সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদীন মালিক’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বোকামি হবে আওয়ামী লীগের ভোট বিএনপিকে দেওয়া : সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদীন মালিক’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

এছাড়াও চ্যানেল আইয়ের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, শাহদীন মালিক ‘আওয়ামী লীগের ভোট বিএনপিকে দেওয়া হবে বোকামি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে চ্যানেল আইয়ের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Channel i – Facebook Page
  • Channel i – Website
  • Channel i – YouTube Channel
  • Channel i – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: