হাদি হত্যায় মির্জা আব্বাস কিংবা সাদিক কায়েমকে জড়িয়ে ডিএমপি কমিশনারের ভুয়া মন্তব্যে চ্যানেল২৪ এর সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, `হাদি হত্যায় “মির্জা আব্বাসের” সম্পৃক্ততা পাওয়া গেছে ডিএমপি কমিশনার’ শীর্ষক মন্তব্যটি ডিএমপির কমিশনার করেছেন দাবিতে ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর ছবি যুক্ত চ্যানেল২৪ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এছাড়া, ‘হাদির হত্যার সাথে শিবিরের সাদিক কায়েমের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে ডিএমপি কমিশনার’ শীর্ষক মন্তব্যটিও ডিএমপির কমিশনার করেছেন দাবিতে ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর ছবি যুক্ত চ্যানেল২৪ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা যায়।

মির্জা আব্বাসকে নিয়ে তৈরি ফটোকার্ড যুক্ত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

সাদিক কায়েমকে নিয়ে তৈরি ফটোকার্ড যুক্ত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হাদি হত্যায় “মির্জা আব্বাসের” সম্পৃক্ততা পাওয়া গেছে ডিএমপি কমিশনার’ শীর্ষক শিরোনামে কিংবা ‘হাদির হত্যার সাথে শিবিরের সাদিক কায়েমের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে ডিএমপি কমিশনার’ শীর্ষক শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এগুলোতে চ্যানেল২৪ এর লোগো ও ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর ছবি রয়েছে এবং এগুলো প্রকাশের তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর উল্লেখ রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনামগুলো সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজ থেকে গত ২৮ ডিসেম্বর ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে ‘হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব : ডিএমপি কমিশনার’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডটিতে ‘হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব : ডিএমপি কমিশনার’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডগুলোতে এর পরিবর্তে করে আলোচিত শিরোনামগুলো যুক্ত করা হয়েছে। তাছাড়া, চ্যানেল২৪ এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ ডিসেম্বর রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে আন্দোলনকারীদের সামনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ইনকিলাব মঞ্চের আহবায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার মূলে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম-ঠিকানা উন্মোচন করা হবে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ডিএমপি কমিশনার কর্তৃক আলোচিত মন্তব্যগুলো করার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে মির্জা আব্বাস কিংবা সাদিয়া কায়েমের সম্পৃক্ততা রয়েছে শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত এই ফটোকার্ডগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

Share: