সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের ছবি সংযুক্ত করে ‘ইয়াবা সেবন কারি কেন মন্ত্রী পরিবহন মন্ত্রীর বক্তব্যের বিপরীতে এমন মন্তব্য করেন জনগণ, জনগণের মন্তব্য কী সঠিক? কমেন্ট করুন আপনি’ শিরোনামে গণমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ রবিউল আলমকে জড়িয়ে চ্যানেল২৪ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২১ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২১ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

সুতরাং, শেখ রবিউল আলমকে জড়িয়ে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Channel 24- Facebook Page
- Channel 24- Website
- Channel 24- YouTube


