সম্প্রতি, ‘আব্বা আব্বা বলেও ছাত্রদল নেতাকর্মীদের নির্মম নির্যাতন থেকে রেহাই পেলেন না মাছ ব্যবসায়ী খোকন!!’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, মোবাইল চুরি সম্পর্কিত একটি ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Shoriful Sajib নামক ফেসবুক প্রোফাইলে গত ২৫ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, চারটি মোবাইল ফোন চুরির অভিযোগে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে৷
Shoriful Sajib নামক ফেসবুক প্রোফাইলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ২৩ জুন প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, একটি মোবাইলের দোকান থেকে এই ব্যক্তি চারটি ফোন চুরি করে নিয়ে যায়, যে দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। সর্বশেষ, গত ৪ জুলাই একটি পোস্টে ভিডিও সংযুক্ত করে উল্লেখ করা হয়, চারটি ফোন চুরির জন্য অভিযুক্ত ওই ব্যক্তি সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে। উক্ত ভিডিওতে থাকা ব্যক্তির সাথে আলোচিত ভিডিওতে মারধরের শিকার ব্যক্তির মিল রয়েছে৷
এছাড়া, Shoriful Sajib নামক ফেসবুক প্রোফাইলে গত ৩০ জুন প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত লাইভটি উপস্থাপন করেন প্রোফাইলটির পরিচালনাকারী শরিফুল ইসলাম সজীব নামক ব্যক্তি। আলোচিত ভিডিওতে তিনি অভিযুক্ত ব্যক্তিকে মারধরকারীদের মধ্যে একজন ছিলেন। লাইভে আলোচিত ভিডিওটি সম্পর্কে তিনি নিশ্চিত করেন, এটি ফোন চুরির অভিযোগে উক্ত ব্যক্তিকে মারধরের ঘটনা।
সুতরাং, মাছ ব্যবসায়ীকে ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক নির্যাতন দাবিতে ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধরের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷
তথ্যসূত্র
- Shoriful Sajib – Facebook Post
- Shoriful Sajib – Facebook Post
- Shoriful Sajib – Facebook Post
- Shoriful Sajib – Facebook Live


