মেয়েরা পাত্র দেখার সময় জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল কিনা শীর্ষক মন্তব্য করেননি রাকিবুল রাকিব

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব “এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা? এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ইনস্টাগ্রামে পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রদল সভাপতি রাকিব বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচিত মন্তব্যটি করেননি বরং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে গত ০৪ নভেম্বর ‘ঢাবি কণ্ঠস্বর’ নামের একটি পেজে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টে কথিত মন্তব্যটি রাকিব কোথায় বা কবে করেছেন সে বিষয়ে কোনো তথ্য বা সংবাদ প্রতিবেদনের লিংক দেওয়া হয়নি। পেজটি পর্যালোচনা করে দেখা যায়, পেজে নিয়মিতই বিভিন্ন ব্যক্তির নামে এমন মনগড়া মন্তব্য প্রচার করা হচ্ছে। চলতি বছরের ২৮ আগস্ট ‘DU Fact Check’ নামে পেজটি চালু করা হলেও পরবর্তীতে নাম বদলে বর্তমান নাম রাখা হয়।

এই পেজের পোস্টের পর এই ফটোকার্ডটি ভাইরাল হতে শুরু করে। অধরা খান নামে বাংলাদেশি একজন অভিনেত্রীর নামে চালু থাকা ভেরিফাইড পেজ থেকে একই ফটোকার্ড প্রচারের পর তাতে এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষ রিয়েকশন, সাড়ে তিন হাজারের বেশি শেয়ার এবং দশ হাজারের বেশি কমেন্ট এসেছে।
অনুসন্ধানে রাকিবের এমন মন্তব্য করার প্রমাণ মেলেনি। তার ফেসবুক প্রোফাইলেও উক্ত দাবি সম্বলিত কোনো পোস্ট বা কমেন্টের নজির পাওয়া যায়নি।
জাতীয় দৈনিক টাইমস অফ বাংলাদেশ এর এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৬ নভেম্বর রাকিব এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
সুতরাং, মেয়েরা পাত্র দেখার সময় জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা শীর্ষক মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা৷

