জাইমা রহমানকে জড়িয়ে ছাত্রদল নেতা আবিদুলের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে আবিদুল বলেছেন, ‘জাইমা রহমান নিজের সন্তানের মতো দেশের জনগণকে আগলে রেখেছেন’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাইমা রহমান নিজের সন্তানের মতো দেশের জনগণকে আগলে রেখেছেন’ শীর্ষক মন্তব্য করেননি আবিদুল ইসলাম খান। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আবিদুলের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘Lalmaiya TV’ নামের একটি ফেসবুক পেজে গত ২০ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।

‘Lalmaiya TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, জাইমা রহমানকে জড়িয়ে ছাত্রদল নেতা আবিদুলের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: