চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান জামায়াতের আমীরকে নিয়ে ‘বন্যার্তদের সাহায্যের নামে এই বয়সে গেঞ্জি পড়ে ফুটেজ খাওয়ার ব্যাপারটা জোশ ছিল। তবে গেঞ্জিতে ২/৪ টা ফুটাফাটা থাকলে ব্যাপারটা আরও এস্থেটিক হইতো।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আবিদুল ইসলাম খান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১১ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে দেখা যায় ‘This is Gupto TV। একটি Satire & Parody platform । All contents are for entertainment purpose only। আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও Parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, আবিদুল ইসলাম খানের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, জামায়াতের আমীরকে নিয়ে ‘বন্যার্তদের সাহায্যের নামে এই বয়সে গেঞ্জি পড়ে ফুটেজ খাওয়ার ব্যাপারটা জোশ ছিল।তবে গেঞ্জিতে ২/৪ টা ফুটাফাটা থাকলে ব্যাপারটা আরও এস্থেটিক হইতো’ দাবিতে আবিদুল ইসলাম খানের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Gupto Television – Facebook post


