দেশে টানা অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত সাত দিনের বৃষ্টিতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে দেশের অন্তত ২০টি জেলা বন্যাকবলিত। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী ও ফটিকছড়ি উপজেলার অধিকাংশ এলাকায় এখনো জলাবদ্ধতা ও প্লাবন অব্যাহত রয়েছে।
এমন পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বন্যাকবলিত এলাকার ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, সেটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যার দৃশ্য। ছবিতে দেখা যায়, একটি গ্রামীণ এলাকার প্রায় সব ঘরবাড়িই চালা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী মানুষ ও গবাদিপশু ঘরের চালার ওপর আশ্রয় নিয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে @mdshahinur.khan নামের একটি টিকটক অ্যাকাউন্টে ১২ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে। দাবিকৃত ছবিটি মূলত উক্ত ভিডিও থেকেই স্ক্রিনশট নিয়ে প্রচার করা হয়েছে। এছাড়া, টিকটকে প্রকাশিত ভিডিওতে “AI-generated content” লেবেল সংযুক্ত রয়েছে, যা এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার ইঙ্গিত দেয়। একই অ্যাকাউন্টে প্রকাশিত অন্যান্য ভিডিও পর্যালোচনা করেও এমন একাধিক এআই-নির্মিত কনটেন্ট (১, ২, ৩) পাওয়া যায়, যেগুলো বাস্তব ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উক্ত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
উল্লেখ্য, ডেইলি স্টারের ১২ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের অধিকাংশ বন্যাকবলিত এলাকায় পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও টানা বৃষ্টিতে বাঁশখালীর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে বৃষ্টিপাতের ফলে উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ এখনো পানিবন্দি রয়েছেন। প্রতিবেদনে বন্যা পরিস্থিতির একাধিক বাস্তব ছবিও প্রকাশ করা হয়েছে, যা আলোচিত ছবিটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়।
সুতরাং, চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত এলাকার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Md. Shahinur Khan – TikTok Video
- Hive Moderation: Hive Detect AI
- The Daily Star – সাতকানিয়ায় কমতে শুরু করলেও বাঁশখালীতে ৬০ হাজার মানুষ এখনো পানিবন্দি


