চট্টগ্রামে বন্যার পানিতে লাশ ভাসার দাবিতে পুরোনো ভিডিও প্রচার

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যাকবলিত হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। এরই প্রেক্ষাপটে সম্প্রতি একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে, চট্টগ্রামে বন্যার পানির কারণে লাশ দাফন করতে না পেরে পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে গণমাধ্যমের দাবি দেখুন ইনকিলাব

একই বিষয়ে ফেসবুকে প্রচারিত দাবি দেখুন: আইএবি সাপোর্ট টিম, আবদুল করিম সাইফি, প্রিয় চাঁদপুর, ইনার পিচ, Muzahid Sakif, Nahid Prince

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চট্টগ্রামের চলমান বন্যার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালে ফেনীর বন্যার সময় ধারণ করা পুরোনো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে কনটেন্ট ক্রিয়েটর আব্রাহাম খান জয় (কল্লাক মিয়া)-এর ফেসবুক প্রোফাইলে গতকাল (১১ জুলাই) প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে আলোচিত ভিডিওর একটি দৃশ্য সংযুক্ত করে তিনি জানান, ভিডিওটি ২০২৪ সালে ফেনীর বন্যার সময় তার ধারণ করা।

এই সূত্র ধরে অনুসন্ধানে ২০২৪ সালের ২৫ আগস্ট ‘নন্দনতত্ত্ব-Nondontotto’ নামের একটি ফেসবুক পেজে একই দৃশ্যসংবলিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে ফুটেজটির সূত্র হিসেবে ‘BitiK BaaZ’-এর নাম উল্লেখ করা হয়।

পরবর্তীতে ‘BitiK BaaZ’ নামের একটি ফেসবুক পেজে একই দিন প্রকাশিত ২০২৪ সালের ফেনীর বন্যার একটি ভিডিওর শুরুতেও আলোচিত দৃশ্যটি দেখা যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে ফেনী ও নোয়াখালীসহ দেশের ১১টি জেলা স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে পড়ে।

সুতরাং, ২০২৪ সালে ফেনীর বন্যার সময় ধারণ করা একটি পুরোনো ভিডিওকে চট্টগ্রামের চলমান বন্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: