চট্টগ্রামে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতাকে গ্রেফতারের এই দাবিটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘চট্টগ্রামে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির ঘটনার সাথে কোনো জামায়াত নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের দাবির সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ২৬ জুলাইয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত ও চার মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি আহাম্মদ শফিকে গ্রেফতারের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘যুগান্তর’ এর ওয়েবসাইটে ‘সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার’ শিরোনামে ২০২২ সালের ২৬ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে মিল পাওয়া যায়।

এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়, চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত ও চার মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি আহাম্মদ শফি (৪৯) নামে এক ব্যক্তিকে ২০২২ সালের ২৬ জুলাইয়ে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেফতার করেছে। এছাড়াও প্রতিবেদনটিতে সেসময় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের বরাতে বলা হয়, শফির বিরুদ্ধে থানায় চারটি সিআর সাজা (দুটি পরোয়ানা এক বছর করে ও দুটি পরোয়ানা ৬ মাস) এবং ১১টি সিআর ওয়ারেন্টসহ মোট ১৫টি ওয়ারেন্ট মুলতবি আছে।
এছাড়াও অনুসন্ধানে ‘স্বদেশ প্রতিদিন’ নামের একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও ২০২২ সালের ২৬ জুলাইয়ে এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও একইরকম তথ্য জানা যায়। পাশাপাশি, সেসমসয় লোহাগড়া ভিত্তিক আরো একাধিক সংবাদমাধ্যম ও সাংবাদিকের ফেসবুক পোস্টেও উল্লেখিত সংবাদমাধ্যমের অনুরূপ একই ঘটনার দাবিতে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়। তবে, কোথাও তার কোনো রাজনৈতিক পরিচয়ের উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, চট্টগ্রামে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেফতারের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jugantor – সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Swadesh Pratidin – পুলিশের অভিযানে আটক হলেন ১৫ মামলার আসামী
- Muktar Lohagara – Facebook Post
- Lohagara news 24 – Facebook Post
- Rumor Scanner’s analysis

