খাবার আগে-পরে দেওয়া নিয়ে মারধরের ভিডিওকে বোরকা-হিজাব না পরায় মারধর দাবিতে প্রচার

চেয়ার দিয়ে দুই নারীকে মারধর করার একটি ভিডিও সম্প্রতি ভারত ভিত্তিক এক্স অ্যাকাউন্ট থেকে প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি বোরকা ও হিজাব না পরার কারণে বাংলাদেশে দুই মুসলিম মেয়েকে মুসলমানদের হামলার দৃশ্যের।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বোরকা ও হিজাব না পরার কারণে বাংলাদেশে দুই মুসলিম মেয়েকে মুসলমানদের হামলার দৃশ্যের নয় বরং, গত ১৬ ডিসেম্বরে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বিজয় মেলায় খাবার আগে-পরে দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই নারীকে মারধর করার ঘটনার ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে স্যাটেলাইট টিভি চ্যানেল ‘বাংলা টিভির’র ফেসবুক পেজে গত ১৯ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যেরও সংযুক্তি পাওয়া যায়। ঘটনার বিষয়ে প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে বলা হয়, বিজয় দিবস ঘিরে চট্টগ্রামের সিআরবি শিরীষতলা এলাকায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। ঘটনাটি ১৬ ডিসেম্বর রাতে ঘটেছে৷ ভিডিওতে প্রদর্শিত হামলার শিকার হওয়া নারীরা চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে বিজয় মেলায় বেড়াতে এসেছিলেন। একটি ভ্রাম্যমাণ দোকানে খাবার আগে-পরে দেওয়া নিয়ে এক ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে গত ১৮ ডিসেম্বরে এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে প্রচারিত ভিডিওর স্ক্রিনশটেরও সংযুক্তি পাওয়া যায়। প্রথম আলো’র প্রতিবেদন থেকেও ‘বাংলা টিভি’র অনুরূপ একইরকম তথ্য জানা যায়। বলা হয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাটি গত ১৬ ডিসেম্বরের। চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বিজয় মেলায় এ ঘটনা ঘটে। বিজয় দিবস ঘিরে গত ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর সিআরবি শিরীষতলা এলাকায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলাকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন ভাসমান দোকান গড়ে উঠে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কয়েক হাজার মানুষ ভিড় করেন। বিভিন্ন দোকানে আগে-পরে খাবার দেওয়া নিয়ে বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ প্রথম আলোকে বলেন, ঘটনার পর দুই নারী ফাঁড়িতে এসে মৌখিক অভিযোগ দেন। পরে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ওই দুই নারী সেখান থেকে চলে যান। সেদিন মানুষের ভিড় বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে।
এছাড়াও, এ বিষয়ে আরো একাধিক গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রতিবেদন থেকেও একইরকম তথ্য জানা যায়। কোথাও হিজাব-বোরকা না পরায় মারধর করার দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, গত ১৬ ডিসেম্বরে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বিজয় মেলায় খাবার আগে-পরে দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই নারীকে মারধর করার ঘটনার ভিডিওকে বোরকা ও হিজাব না পরার কারণে বাংলাদেশে দুই মুসলিম মেয়েকে মুসলমানদের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangla TV – Facebook Post
- Prothom Alo – মেলায় দুই নারীকে চেয়ার দিয়ে বেধড়ক পেটাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল
- Bangladesh Pratidin – চট্টগ্রামে প্রকাশ্যে দুই নারীকে পেটানোর ভিডিও ভাইরাল
- Rumor Scanner’s analysis

