‘সাদিক কায়েমের ওপর ছাত্রলীগের হামলা’ দাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয় টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছে। ভিডিওটিতে দুই পক্ষকে লাঠিসহ দৌড়াদৌড়ি ও সংঘর্ষে লিপ্ত থাকতে দেখা যায়।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে সাদিক কায়েমের ওপর ছাত্রলীগের হামলার দাবিও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি ২০২২ সালের ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যকার সংঘর্ষের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়, যার ফুটেজের সঙ্গে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। উক্ত সংবাদে উল্লেখ করা হয় যে শহীদ মিনার এলাকায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই দোয়েল চত্বর এলাকায় দুই পক্ষ, এক পাশে ছাত্রলীগ এবং অপর পাশে ছাত্রদল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম সময় টেলিভিশনের ২০২২ সালের ২৪ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল সাড়ে নয়টার দিকে শহিদ মিনার এলাকায় প্রথম দফা সংঘর্ষ শুরু হয়। এরপর ছাত্রদলের কর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন। সকাল সাড়ে ১১টার দিকে দোয়েল চত্বর এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে ছাত্রদল নেতাকর্মীরা দোয়েল চত্বর ও কার্জন হল এলাকায় ফিরে গিয়ে পুনরায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এছাড়া বর্তমানে সামাজিক গণমাধ্যমে প্রচারিত ভিডিওটিতে স্থান হিসেবে টিএসসি উল্লেখ করা হলেও, প্রচারিত ভিডিওর স্থানটি দোয়েল চত্বর।

Comparison: Rumor Scanner
এছাড়া মূলধারার কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রেও সাদিক কায়েমের ওপর ছাত্রলীগের হামলার তথ্য পাওয়া যায়নি।
অপরদিকে, ২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনার ভিডিও একাধিক জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছিল (১, ২, ৩), যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং, সাদিক কায়েমের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা দাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla Vision – YouTube Video
- Somoy News – ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি বক্তব্য

